জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সংকটে ফেলে দেশকে অস্থিতিশীল করতে পতিত শক্তির দোসররা নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন প্রশাসন একটি গণমুখী সরকার। কোনো ধরনের অপরাধ কিংবা নৈরাজ্যমূলক অপতৎপরতাকে প্রধানমন্ত্রী বিন্দুমাত্র বরদাশত করবেন না।
তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্রকারীরা বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এসব কর্মকাণ্ড মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
রিজভী একই সঙ্গে পুলিশের প্রিজন ভ্যান থেকে শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যাওয়ার ঘটনার প্রসঙ্গ তুলে ধরে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে প্রশ্ন তোলেন। এ ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সম্মিলিত সামাজিক উদ্যোগ এবং আগাম সচেতনতা নিশ্চিত করা গেলে এডিস মশার উপদ্রব অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর, আশপাশের এলাকা ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর গুরুত্বারোপ করেন রিজভী। জমে থাকা ও পচা পানি এডিস মশার বংশবিস্তারের অন্যতম ক্ষেত্র উল্লেখ করে তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।
রিজভী বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডেঙ্গু পরীক্ষার আগের ৫০ টাকা ফি বাতিল করে পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার সরকারি উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ জন্য জনগণ, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আগাম সচেতনতা এবং মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর প্রকোপ কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।












