ঢাকার সায়েন্সল্যাব মোড় সংলগ্ন গ্রিন রোড এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষের কারণে সায়েন্সল্যাব ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজ ছুটির পর ঢাকা কলেজের একটি যাত্রীবাহী বাস সায়েন্সল্যাব মোড় অতিক্রম করার সময় আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী বাস লক্ষ্য করে ঢিল ছোড়েন। এতে বাসটির জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
তবে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী পাল্টা অভিযোগ করে বলেন, তাঁরা ক্লাস শেষে বাসায় ফেরার পথে কোনো ধরনের উসকানি ছাড়াই ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এতে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং কয়েকজনের মাথা ফেটে গেছে বলে তিনি দাবি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, কলেজ ছুটির পর ঢাকা কলেজের একটি বাস সায়েন্সল্যাব হয়ে যাওয়ার সময় ল্যাবএইড হাসপাতালের সামনে আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী বাসটি ভাঙচুরের চেষ্টা করেন। এ ঘটনার জের ধরেই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়।
অধ্যক্ষ বলেন, সংঘর্ষে ঢাকা কলেজের অন্তত তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতির অবনতির আশঙ্কায় সকাল থেকেই কলেজ প্রশাসনের পক্ষ থেকে নিউমার্কেট ও ধানমন্ডি থানা পুলিশকে সতর্ক করা হয়েছিল এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।
শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো থেকে বিরত রাখতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে শিক্ষকদের একটি দলও ঘটনাস্থলে পাঠানো হয় বলে জানান অধ্যক্ষ।
সংঘর্ষের কারণে সায়েন্সল্যাব মোড়, গ্রিন রোড ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষের সূত্রপাত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।












