ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে একাধিক মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ ও দায়িত্বে অবহেলা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া সদস্যদের মধ্যে প্রিজনভ্যানের চালকও রয়েছেন। পাশাপাশি ঘটনার তদন্তে ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে প্রিজনভ্যানে করে পিচ্চি রাজাকে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে তাকে আবার কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রিজনভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে পিচ্চি রাজা প্রাকৃতিক কাজ সারার জন্য শৌচাগারে যাওয়ার কথা জানান। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে সুযোগ নিয়ে কৌশলে সে পালিয়ে যায়।
পিচ্চি রাজাকে ধরতে ঘটনার পরপরই বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। একই সঙ্গে তার পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা খতিয়ে দেখা শুরু করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবর পেয়ে বিমানবন্দরে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেওয়া হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে কারাগারে রাখা হয়েছিল।
এদিকে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং তদন্ত কমিটি গঠনের মাধ্যমে আসামি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলা বা অন্য কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।












