খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে ৩২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে।
রোববার (২৭ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩২৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৮ জন। আর বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩২ জনে। এ সময়ে চিকিৎসা শেষে ১১ হাজার ১৪৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়েছে ৩০১ জনকে।
বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৪০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩২৯ জন।
জেলা ও হাসপাতালভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনা জেলায় ডেঙ্গুর পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর বাইরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৃথকভাবে আরও ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন। এই হাসপাতালেই গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
খুলনা জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৭ হাজার ৩৬৪ জন। তাদের মধ্যে ৩৯ জনের মৃত্যু হয়েছে।
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৬ জন। মৃত্যু হয়েছে দুজনের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৩ জন।
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় ২৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩১১ জন।
মাগুরায় নতুন করে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৬৫ জন।
নড়াইলে গত ২৪ ঘণ্টায় ১৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৫৩ জন।
বাগেরহাটে নতুন করে ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৬২ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন তিনজন।
এ ছাড়া সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় মোট ১৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে জেলা হাসপাতালে ৯ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন ভর্তি হয়েছেন। জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৬৭ জন।
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় আটজন এবং চুয়াডাঙ্গায় ছয়জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চুয়াডাঙ্গায় এ পর্যন্ত ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরে খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। বর্তমানে বিপুলসংখ্যক রোগী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চাপও বাড়ছে।












