সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে ১২৫টি ইয়াবা ট্যাবলেট ও ডাকাতির প্রস্তুতিতে ব্যবহারের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযানে ১২৫টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র চাপাতি, রামদা ও সিলাইরেঞ্জসহ কুমিল্লার চান্দিনা এলাকার মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলার দুই আসামি এবং মাদক সেবনের অভিযোগে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁও থানার ওসি আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।












