রাজধানীর মগবাজারে নিজের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় অক্ষত রয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য না থাকলেও তাকে লক্ষ্য করেই গুলি ছোড়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। তবে দুর্বৃত্তদের লক্ষ্য সফল হয়নি বলে মনে করছেন এই সংগীতশিল্পী। এদিকে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে পার্ক করা আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনার সময় গাড়িতে কেউ ছিলেন না। ফলে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পর নিজের শারীরিক অবস্থার বিষয়ে আসিফ আকবর জানান, তিনি সুস্থ আছেন। সকালে পুলিশের সঙ্গে প্রয়োজনীয় কাজ শেষে বাসায় ফিরে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার বাসায় গিয়ে কথা বলেন। তারা ঘটনাটি তদন্ত করছেন বলেও জানান তিনি।
ঘটনার সময় নিজের কার্যালয়ে ছিলেন বলে জানিয়েছেন আসিফ আকবর। তার ভাষ্য অনুযায়ী, ভোর ৪টা ৫২ থেকে ৫৪ মিনিটের মধ্যে গুলির ঘটনা ঘটে। তখন তিনি কার্যালয়ের সিসিটিভি ক্যামেরায় আশপাশের দৃশ্য দেখছিলেন। তবে তার গাড়িতে কেউ ছিলেন না।
কে বা কারা এ ঘটনায় জড়িত, তা বুঝতে পারছেন না বলে জানান আসিফ। তবে তার ধারণা, দুর্বৃত্তরা তার কার্যালয়ে আসা-যাওয়ার সময় সম্পর্কে আগে থেকেই জানত। সাধারণত রাত ৮টা বা সাড়ে ৮টার দিকে তিনি কার্যালয়ে যান এবং ফজরের নামাজের আগে কিংবা পরে বাসায় ফেরেন। হামলাকারীরা সম্ভবত তার এই সময়সূচি বিবেচনায় নিয়েই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।
আসিফ আকবর বলেন, “তারা ওই সময়টাই টার্গেট করেছে, কিন্তু তাদের টার্গেটটা মিস হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ পরেই নিচে নামতাম।”
ঘটনার সময় সিসিটিভি ক্যামেরায় নিজের মতো দেখতে একজনকে হেঁটে যেতে দেখেছিলেন বলেও জানান তিনি। তার ধারণা, ওই ব্যক্তিকে আসিফ আকবর ভেবে দুর্বৃত্তরা গুলি চালিয়ে থাকতে পারে। সেদিন ছেলের সঙ্গে কথা বলছিলেন বলে তিনি কার্যালয়ে স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি অবস্থান করেছিলেন।
এদিকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানিয়েছেন, মগবাজারে আসিফ আকবরের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে। বিশাল সেন্টারের সামনে পার্ক করা তার গাড়ি লক্ষ্য করে ভোরে গুলি চালানো হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, বিশাল সেন্টার মার্কেটের নিচের পার্কিং এলাকায় গাড়িটি রাখা ছিল। ভোর পৌনে ৫টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে সেখানে এসে গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাতিরঝিল থানা-পুলিশ। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।
তবে কারা এ ঘটনায় জড়িত, কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে এবং এর পেছনে কোনো পূর্বপরিকল্পনা ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।