রাজধানীর বনানীতে দোতলার সিঁড়ি থেকে পড়ে খাদিজা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত খাদিজার বাবা দুলাল হোসেন পেশায় পরিচ্ছন্নতাকর্মী। তিনি জানান, রোববার সকালে খাদিজার মা কাজে ব্যস্ত ছিলেন। এ সময় অসাবধানতাবশত শিশুটি দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে জরুরি বিভাগে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
দুলাল হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি থানা এলাকায়। বর্তমানে তারা রাজধানীর বনানীর সাততলা বস্তিতে বসবাস করছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, শিশুটির মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।












