ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে সব ধরনের বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করেছে দিল্লি পুলিশ। সোমবার (১২ অক্টোবর) পুলিশ কমিশনার অনুরাগ কুমারের স্বাক্ষরিত এক নির্দেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর মধ্য দিয়ে ২০২২ সালে যন্তর মন্তরকে বিক্ষোভের স্থান হিসেবে নির্ধারণ করে দেওয়া আগের আদেশ বাতিল করা হয়েছে।
বিক্ষোভ ও সমাবেশের বিকল্প স্থান হিসেবে রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দানের নাম উল্লেখ করেছে পুলিশ। এসব স্থানে কর্মসূচি আয়োজনের জন্য শিগগিরই সংশোধিত কার্যপদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জারি করা হবে বলেও জানানো হয়েছে।
সম্প্রতি যন্তর মন্তরকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয়। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে মেডিকেল পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সেখানে আন্দোলন গড়ে ওঠে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এমন পরিস্থিতিতে যন্তর মন্তরে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল দিল্লি পুলিশ। তবে বিকল্প স্থানগুলোতে কর্মসূচি আয়োজনের বিস্তারিত নিয়ম সংশোধিত এসওপি প্রকাশের পর স্পষ্ট হবে।












