সীমান্তবর্তী এলাকার কাঁটাতারের ফাঁক গলে ঘটে চলা গরু ও চোরাই পণ্য পারাপার এবং মানুষের নানা কর্মকাণ্ডের আড়ালের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাঙগোয়াল’। স্থানীয় ভাষায় সীমান্তরক্ষীদের ফাঁকি দিয়ে এসব পারাপারের কাজে যুক্ত ব্যক্তিদের ‘ডাঙগোয়াল’ বলা হয়। সীমান্তের এই মানুষের জীবন, সংকট ও আড়ালে থাকা নানা ঘটনাকে কেন্দ্র করেই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক জ্যোতির্ময় রায়।
‘ডাঙগোয়াল’ মূলত লালমনিরহাটের স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীদুজ্জামান লাবলুর জীবনের সত্য ঘটনা এবং তাঁর একটি নাটক লেখার নেপথ্যের গল্প অবলম্বনে নির্মিত। সমাজের অগোচরে থাকা সীমান্তজীবনের কঠিন বাস্তবতা নাটকের মাধ্যমে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়ার পর একজন লেখক কী ধরনের মানসিক দ্বন্দ্বের মুখোমুখি হন—সেই প্রশ্নই চলচ্চিত্রটির গল্পের কেন্দ্রে রয়েছে।
নির্মাতা জ্যোতির্ময় রায় জানান, দীর্ঘদিন ধরেই ছিটমহল ও সীমান্তবর্তী এলাকার বিভিন্ন ঘটনা নিয়ে কাজ করার পরিকল্পনা ছিল তাঁর। শাহীদুজ্জামান লাবলুর বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং নাটক লেখার সময় তাঁর মনে তৈরি হওয়া নানা সংশয়ের কথা জানার পর ‘ডাঙগোয়াল’ নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি।
চলচ্চিত্রের গল্পে আমিরুল গিদাল নামের এক ব্যক্তি তাঁর যাত্রাদলের জন্য সীমান্তে গরু পারাপারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে একটি নতুন পালা রচনা করতে থাকেন। গল্পের প্রয়োজনে বাস্তবতার কতটা প্রকাশ করা যাবে, সেই ভাবনা এবং নানা সামাজিক ও ব্যক্তিগত দ্বন্দ্বের মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি। একটি গল্প বলতে গিয়ে মানুষ কখনো কখনো কত কিছু বাজি রাখে এবং শেষ পর্যন্ত সেই ত্যাগ কীভাবে অর্থহীনতায় পর্যবসিত হতে পারে—চলচ্চিত্রে সেই বিষয়টিও তুলে ধরা হয়েছে।
‘ডাঙগোয়াল’-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপক কুমার গোস্বামী, দিলরুবা দোয়েল, শাহানা সুমি, উজ্জ্বল মিয়া, বিধান রায়সহ ভাটিবাড়ি লোক নাট্যদলের সদস্যরা।
নির্মাতা জানিয়েছেন, বর্তমানে চলচ্চিত্রটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানোর প্রস্তুতি চলছে। উৎসব পর্ব শেষে ‘ডাঙগোয়াল’ দর্শকদের জন্য ওটিটি প্ল্যাটফর্ম অথবা ইউটিউবে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সীমান্তের প্রান্তিক মানুষের জীবন, বাস্তবতা ও সমাজের আড়ালে থাকা নানা গল্পকে কেন্দ্র করে নির্মিত ‘ডাঙগোয়াল’ দর্শকদের সামনে একটি ভিন্নধর্মী জীবনচিত্র তুলে ধরার চেষ্টা করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।












