‘বাবা-মায়ের সবচেয়ে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়’—এমন মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক এক নেতা। তাঁর ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে মাজহারুল ইসলাম লেখেন, ‘জল পাড়া সাংবাদিকের নিউজ হলো জলপরী নিউজ… কিছু কিছু সাংবাদিক দেখলে মনে হয়, বাবা-মায়ের সব থেকে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়।’
মাজহারুল ইসলাম নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নরসিংদী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
তাঁর এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে মাজহারুল ইসলাম বলেন, তিনি সব সাংবাদিককে উদ্দেশ্য করে মন্তব্যটি করেননি। তাঁর ভাষ্য, ‘সব সাংবাদিক সৎ কিংবা ভালো না, আমি সকল সাংবাদিককে বলিনি, কিছু সাংবাদিককে বলেছি।’
‘জলপরী’ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘মেইনস্ট্রিম কোন সাংবাদিক লিখেছে “জলপরী” পাওয়া গেছে, এমনটা আপনি কোথায় পেয়েছেন—আমি আসলে পুরো নিউজ পড়িনি কিংবা পুরো ভিডিও নিউজও দেখিনি। স্ক্রল করতে যেয়ে যেটুকু সামনে এসেছে, সেটুকুই দেখেছি।’
এদিকে সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্যের সমালোচনা করেছেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস। তিনি বলেন, সাংবাদিক সমাজকে অবমাননা করে এ ধরনের স্ট্যাটাস প্রত্যাশিত নয়। যারা কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের এক করে দেখেন, তাঁরাই এমন শব্দচয়ন করে স্ট্যাটাস দিতে পারেন।












