জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক যাত্রায় শুভকামনা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
সোমবার (২১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ শুভকামনা জানান। পোস্টে আনসারী বলেন, স্ত্রীকে সঙ্গে নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মুশফিকুল ফজল আনসারী আশা প্রকাশ করেন, জাতিসংঘের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের দৃষ্টি আকর্ষণ করবে। একই সঙ্গে অধিবেশনের সাইডলাইনে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও সম্ভাবনাকে আরও সুদৃঢ় করবে বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, গত দেড় দশকে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিএনপিসহ যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এবার তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে উৎসবমুখর পরিবেশ তৈরি করবেন বলেও তিনি উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে মুশফিকুল ফজল আনসারী লেখেন, ব্যক্তিগত আশা-প্রত্যাশার ঊর্ধ্বে ‘সবার আগে বাংলাদেশ’।
এদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন। তাঁর সফরে সাধারণ পরিষদের কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং একাধিক উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।












