সিলেটের বিশ্বনাথে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই স্থান ও একই সময়ে দুই পক্ষ কর্মসূচি ঘোষণা করায় সংঘাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাসেম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডের ডাকবাংলো ও এর আশপাশের এলাকায় বিএনপির দুই পক্ষ পৃথকভাবে গণপদযাত্রা, সভা ও সমাবেশের আয়োজন করে। একই জায়গায় একই সময়ে দুই পক্ষের কর্মসূচি থাকায় সেখানে উত্তেজনা সৃষ্টি এবং অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা দেখা দেয়।
এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্দিষ্ট এলাকায় ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে।
প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞার আওতায় ওই এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির যেকোনো ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে লাঠিসোঁটা ও বিস্ফোরকদ্রব্য বহনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
প্রশাসন জানিয়েছে, ১৪৪ ধারার আদেশ অমান্য করে কেউ নিষিদ্ধ কার্যক্রমে অংশ নিলে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতেই উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত এড়াতে প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক কর্মসূচি ও জমায়েত বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে থাকবে।










