সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
টানা বর্ষণ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিলে উত্তাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। হাত উঁচিয়ে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন আর স্লোগানে মুখরিত পুরো এলাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও জনসভা শেষে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা পরিণত হয় বিশাল জনসমুদ্রে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের পাশে আয়োজিত এই জনসভা ও বর্ণাঢ্য র্যালীতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক যোগ দিয়ে শক্তির এক নতুন বার্তা প্রদান করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে সবসময় দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার এবং মৌলিক অধিকার ফিরিয়ে আনার লড়াই চালিয়ে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুুকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র সুসংহত করতে ত্যাগ ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই। সোনারগাঁয়ে বিএনপির এই ঐক্যই আমাদের মূল শক্তি।
জনসভায় উপস্থিত নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠনকে আরও সুসংগঠিত করার শপথ নেন।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তার আশপাশের সড়ক প্রদক্ষিণ করা বিশাল র্যালিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম হক রুমি ও আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া,সংসদ সদস্যের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব,সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর ঐ ইয়াসিন নোবেল, যুগ্ম আহবায়ক কাউসার আহম্মেদ, করিম রহমান, রাকিব হাসান,সোহেল রানা ও আলিনুর বেপারী প্রমুখ।












