চীনের কারখানা খাতের কার্যক্রম সেপ্টেম্বর মাসে আবারও প্রবৃদ্ধির ধারায় ফেরার তথ্য প্রকাশের পর বুধবার বিশ্ববাজারে তামার দাম সামান্য বেড়েছে। তবে চীনে সামনে সপ্তাহব্যাপী জাতীয় ছুটি থাকায় দেশটির বাজারে লেনদেনের গতি কিছুটা কমে এসেছে।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস মেয়াদি তামার বেঞ্চমার্ক মূল্য বাংলাদেশ সময়ের হিসাবে বুধবার ভোর সাড়ে ৯টার দিকে শূন্য দশমিক ২৩ শতাংশ বেড়ে প্রতি মেট্রিক টন ১৪ হাজার ৪৭১ ডলারে দাঁড়ায়।
একই সময়ে সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) সবচেয়ে বেশি লেনদেন হওয়া নভেম্বর মেয়াদের তামার দাম শূন্য দশমিক ২১ শতাংশ বেড়ে প্রতি টন ১ লাখ ৯ হাজার ৫৩০ ইউয়ানে পৌঁছেছে, যা প্রায় ১৬ হাজার ৩৪০ ডলারের সমান।
তবে চীনের দীর্ঘ জাতীয় ছুটির কারণে চলতি সপ্তাহে তামার সামগ্রিক দর শূন্য দশমিক ৫২ শতাংশ কমে সপ্তাহ শেষ হওয়ার পথে রয়েছে।
চীনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটির ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআই আগস্টের ৪৯ দশমিক ৮ পয়েন্ট থেকে বেড়ে সেপ্টেম্বরে ৫০ দশমিক ১ পয়েন্টে উঠেছে। ৫০-এর বেশি পয়েন্ট সাধারণত উৎপাদন খাতে সম্প্রসারণ এবং এর নিচে অবস্থান সংকোচনের ইঙ্গিত দেয়।
অন্যদিকে বেসরকারি জরিপেও চীনের কারখানা খাতে কার্যক্রম বৃদ্ধির চিত্র উঠে এসেছে। রেটিংডগের জরিপ অনুযায়ী, সেপ্টেম্বরে দেশটির উৎপাদন খাতের পিএমআই আগের মাসের ৫১ দশমিক ৫ থেকে বেড়ে ৫২ দশমিক ১ পয়েন্টে পৌঁছেছে, যা পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।
তবে বৃহস্পতিবার থেকে চীনের জাতীয় দিবসের ছুটি উপলক্ষে সাংহাই ফিউচার এক্সচেঞ্জের কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৮ অক্টোবর আবার লেনদেন শুরু হওয়ার কথা রয়েছে। দীর্ঘ ছুটির আগে দেশটির অভ্যন্তরীণ বাজারে তামার সরাসরি বা ভৌত চাহিদাও কিছুটা কমেছে।
এদিকে চীনের অভ্যন্তরীণ তামার প্রিমিয়াম আগের দিনের সর্বোচ্চ অবস্থান থেকে কমে প্রতি টনে ১ হাজার ৫০ ইউয়ানে নেমেছে। তবে আমদানিকৃত কাঁচামালের প্রতি চীনা শিল্পখাতের চাহিদার অন্যতম সূচক ইয়াংশান কপার প্রিমিয়াম সামান্য বেড়ে প্রতি টনে ১১৯ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বন্ডের মুনাফা বাড়ায় ডলারের মূল্য শক্তিশালী অবস্থানে রয়েছে। মাসভিত্তিক হিসাবে ডলারের দর প্রায় ২ শতাংশ বাড়ার পথে রয়েছে। সাধারণত ডলার শক্তিশালী হলে ডলারে মূল্য নির্ধারিত তামাসহ অন্যান্য ধাতু বিদেশি মুদ্রার ক্রেতাদের জন্য তুলনামূলক ব্যয়বহুল হয়ে ওঠে।
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামও তামার বাজারে প্রভাব ফেলছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে থাকায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ সুদহার নীতি নিয়েও বাজারে সতর্কতা রয়েছে।
এলএমইতে তামার পাশাপাশি অন্যান্য ধাতুর দামেও মিশ্র প্রবণতা দেখা গেছে। অ্যালুমিনিয়ামের দাম শূন্য দশমিক ০৯ শতাংশ এবং নিকেলের দাম শূন্য দশমিক ২৩ শতাংশ বেড়েছে। বিপরীতে জিংকের দাম শূন্য দশমিক ২৩ শতাংশ এবং টিনের দাম শূন্য দশমিক ৯৩ শতাংশ কমেছে। সিসার দাম অপরিবর্তিত ছিল।
অন্যদিকে সাংহাই ফিউচার এক্সচেঞ্জে অ্যালুমিনিয়ামের দাম শূন্য দশমিক ৩৫ শতাংশ, জিংক শূন্য দশমিক ২৬ শতাংশ, সিসা শূন্য দশমিক ১২ শতাংশ এবং নিকেল ১ শতাংশ কমেছে। তবে টিনের দাম অপরিবর্তিত ছিল।










