সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আনন্দঘন পরিবেশে বেইস পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৫-২০২৭ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ‘নবীন বরণ ২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেইস পলিটেকনিকের চেয়ারম্যান প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা। উদ্বোধনী বক্তব্য দেন প্রতিষ্ঠানের একাডেমিক অধ্যক্ষ প্রকৌশলী মো. মাসুদ ভূঁইয়া।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল হোস্ট পার্সন প্রকৌশলী হযরত আলী, পাওয়ার গ্রিডের উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল, সাইফোর্সের সোনারগাঁও শাখার পরিচালক রিয়াজুল করিম এবং ডাচ্-বাংলা ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার বাবুল চক্রবর্তী।
বক্তারা তাঁদের বক্তব্যে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। এসব দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান, দক্ষ প্রশিক্ষক দিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে বেইস পলিটেকনিকের উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশের সুযোগ তৈরি ও চাকরি প্রাপ্তিতে সহযোগিতার বিষয়টিও অনুষ্ঠানে গুরুত্ব পায়। এ সময় প্রতিষ্ঠানের পূর্ববর্তী সাফল্য এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানে শতভাগ জব প্লেসমেন্টের লক্ষ্যে নেওয়া প্রচেষ্টার কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিয়মনীতি মেনে মনোযোগের সঙ্গে পড়াশোনা, নিয়মিত ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ এবং নিজেদের দক্ষতা উন্নয়নে সচেষ্ট থাকার পরামর্শ দেওয়া হয়। আলোচনা শেষে নবীন বরণের কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।












