ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে দেওয়া এক শোকবার্তায় তারেক রহমান বলেন, সালাহউদ্দিন আহমেদ বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন লড়াকু সৈনিক ও অকুতোভয় নেতা ছিলেন। দলের দুঃসময়ে তিনি সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিএনপির এই নেতার রাজনৈতিক জীবন ও দলীয় অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, সালাহউদ্দিন আহমেদের অবদান দলের নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ ও দলের প্রতি তাঁর নিষ্ঠা এবং রাজনৈতিক কর্মকাণ্ড বিএনপির ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকবে বলেও শোকবার্তায় উল্লেখ করেন তিনি।
তারেক রহমান আরও বলেন, বিএনপির এই ত্যাগী নেতার মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক অভিভাবককে হারিয়েছে। তাঁর মৃত্যু দলের জন্য এক অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে এই কঠিন সময়ে তাঁদের শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর রাজনৈতিক জীবন, সাংগঠনিক ভূমিকা ও দলের প্রতি অবদান স্মরণ করছেন সংশ্লিষ্টরা।












