সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয়বারের মতো হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী। একই সঙ্গে মক্কা ও মদিনার আকাশসীমা বাদে সৌদি আরবের পুরো আকাশসীমাকে নিজেদের সামরিক অভিযানের জন্য ‘উন্মুক্ত লক্ষ্যবস্তু’ ঘোষণা করেছে তারা।
সোমবার এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র বলেন, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদি আগ্রাসনের জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
হুথিদের দাবি, হামলাটি ছিল ‘সুনির্দিষ্ট’ এবং এর ফলে বিমানবন্দরের বিমান চলাচল ব্যাহত হয়েছে। তবে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো হামলা চালানোর দাবি করেছিল হুথিরা।
সোমবারই সৌদি আকাশসীমা ব্যবহারের বিষয়ে সতর্কবার্তা দেয় হুথিরা। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমা বাদে সৌদি আরবের আকাশসীমা তাদের সামরিক অভিযানের জন্য উন্মুক্ত ক্ষেত্র হিসেবে বিবেচিত হবে।
হুথিদের পক্ষ থেকে আরও বলা হয়, সৌদি আকাশসীমা ব্যবহার অব্যাহত রাখার বিষয়ে তাদের সতর্কবার্তা উপেক্ষা করা হলে এর পরিণতির দায় তারা নেবে না।
সৌদি আরব ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে রিয়াদের গুরুত্বপূর্ণ বিমানবন্দরকে লক্ষ্য করে দ্বিতীয়বার হামলার দাবি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। তবে হুথিদের দাবি অনুযায়ী হামলাটি কতটা সফল হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রমে প্রকৃতপক্ষে কী ধরনের প্রভাব পড়েছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।










