নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করেন দুই দেশের শীর্ষ নেতা।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরের কাছে ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত তুর্কি হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক বৈঠকের বিষয়টি জানান।
বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার ও বহুমাত্রিক করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও দুই নেতা আলোচনা করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
তুরস্কের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট এরদোগান দুই দেশের সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন। তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর পাশাপাশি প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য তুরস্কের মানবিক সহায়তা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের পাশাপাশি তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠক করছেন।
প্রধানমন্ত্রীর এ সফরে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি বাংলাদেশের সঙ্গে তুরস্কের বিদ্যমান সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে উচ্চপর্যায়ের আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সামনে এসেছে।












