বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালী পার হতে ইরানের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদি। একই সঙ্গে ‘মক্কা জোটে’ বাংলাদেশ যোগ দিলেও তেহরানের কোনো আপত্তি থাকবে না বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইরানের রাষ্ট্রদূত।
জালিল রহিমি জাহানাবাদি বলেন, বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে কোনো বাধা নেই। তবে জাহাজ চলাচলসহ সামগ্রিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বাধা তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি।
‘মক্কা জোট’ প্রসঙ্গে ইরানের রাষ্ট্রদূত বলেন, এ জোট নিয়ে তেহরানের কোনো উদ্বেগ নেই। বাংলাদেশ এই জোটে যোগ দিলে ইরানের কোনো আপত্তি থাকবে না। তার দাবি, প্রায় ১০ বছর আগেই ইরান এ ধরনের একটি জোট গঠনের প্রস্তাব দিয়েছিল।
ইরানের রাষ্ট্রদূত আরও অভিযোগ করেন, জ্বালানিবাহী জাহাজের চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাধা সৃষ্টি করছে। একই সঙ্গে ইরানের নিরীহ মানুষের ওপর যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।








