ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলাকালে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতাকে মুক্তি দেওয়া হয়েছে। তারা হলেন অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস।
রোববার (১১ অক্টোবর) দিল্লি ক্যান্টনমেন্ট পুলিশ স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর তাদের মুক্তি দেওয়া হয়। সিজেপির আইনবিষয়ক প্রধান রত্না সিং এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, এক বছরের জন্য ‘শান্তি ভঙ্গ হয়—এমন কোনো কাজে জড়িত না হওয়ার’ শর্তে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
নেতাদের মুক্তির খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সিজেপি লিখেছে, ‘অবশেষে দিল্লি পুলিশ অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে মুক্তি দিতে বাধ্য হয়েছে।’ পোস্টে আরও বলা হয়, ‘ককরোচরা কখনো মরে না।’
ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দুই দিনব্যাপী আন্দোলনের ডাক দেয় সিজেপি।
আন্দোলনের প্রথম দিন শনিবার দিল্লি বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ওই তিন নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে আন্দোলনের দ্বিতীয় দিন রোববার সকালে তাদের গ্রেপ্তার দেখানো হয়। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর তাদের মুক্তি দেওয়া হয়।












