তানভীর আহাম্মেদ, রিপোর্টার: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ীর বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্প মাঠে এ খেলার আয়োজন করা হয়। গ্রামীণ এই ঐতিহ্যবাহী খেলার টানে মাঠজুড়ে বিপুলসংখ্যক উৎসুক দর্শকের ঢল নামে।
ডা. মো. রহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র ও যুবনেতা, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা এবং বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম (রিজু)।
আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়ানো, সামাজিক সম্প্রীতি জোরদার করা এবং গ্রামীণ মানুষের মাঝে নির্মল বিনোদনের পরিবেশ তৈরি করতেই এই বিশেষ আয়োজন।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সুভাস দাস, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত জুলিয়াস জুয়েল, ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাকবুলুর রহমান মানিক এবং সহ-সভাপতি মো. বদিউল আলম বুলেট।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ও শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. হবিবর রহমান হবি, সাবেক সভাপতি মো. হান্নান সরকার, সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন, ৩নং শতগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রাসেল সরকার, কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আজাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানভীর আনজুম নিশাত এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদ হোসেন সৌরভসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।
খেলা শেষে অতিথিবৃন্দ বলেন, যুবসমাজকে মাদক ও মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে সুস্থ বিনোদন ও খেলাধুলার কোনো বিকল্প নেই। গ্রামবাংলার এমন ঐতিহ্যবাহী আয়োজন গ্রামীণ জনপদে উৎসবের আমেজ সৃষ্টি করে। এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে আগামীতেও এ ধরনের আয়োজন নিয়মিত করা উচিত বলে মত প্রকাশ করেন বক্তারা।










