আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ আন্তর্জাতিক অধ্যায়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে বিশ্বজুড়ে যখন অপেক্ষা, তখন মেসির জন্মশহর রোজারিও মেতে উঠেছে আবেগঘন বিদায় আয়োজনে।
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ম্যাচের আগে প্রিয় অধিনায়ককে শেষবারের মতো ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে রোজারিওর ঐতিহাসিক ‘মনুমেন্তো নাশিওনাল দে লা বান্দেরা’-র সামনে প্রদর্শন করা হয়েছে বিশাল আকারের আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি।
দৈত্যাকৃতির নীল-সাদা জার্সিটিতে রয়েছে মেসির আইকনিক ১০ নম্বর। সোনালি অক্ষরে লেখা হয়েছে ‘ধন্যবাদ #১০’। পাশাপাশি স্মৃতিস্তম্ভ ঘিরে থাকা চারটি বিশাল আলোক টাওয়ারে অডিও-ভিজ্যুয়াল ম্যাপিংয়ের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে জাতীয় দলের হয়ে মেসির দীর্ঘ ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো।
মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করতে জন্মভূমির মানুষ একটি হৃদয়স্পর্শী খোলা চিঠিও প্রকাশ করেছে। সেখানে তাকে ধন্যবাদ জানিয়ে বলা হয়েছে, মেসি আর্জেন্টাইনদের নতুন করে বিশ্বাস করতে শিখিয়েছেন, অসম্ভবকে স্বপ্ন দেখার সাহস দিয়েছেন এবং এমন অনেক স্মৃতি উপহার দিয়েছেন, যা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে।
চিঠিতে আরও বলা হয়েছে, মেসির পর আর্জেন্টিনার ফুটবল আর আগের মতো থাকবে না। তাকে বিদায় জানানোর জন্য সমর্থকেরা প্রস্তুত না থাকলেও, তিনি যেখানেই থাকুন না কেন, তারা তার অনুসারী হয়ে থাকবেন।
৩৯ বছর বয়সী মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে পুরো আর্জেন্টিনাতেই তৈরি হয়েছে বিশেষ আবহ। বেনিনের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রি শুরুর পর অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে যায়। ফলে সাধারণ একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচও রূপ নিয়েছে বিশাল এক জাতীয় আয়োজনে।
২০০৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অভিষেকের পর মেসি দুই দশকেরও বেশি সময় ধরে দেশটির ফুটবলের সবচেয়ে বড় প্রতীক হয়ে আছেন। আন্তর্জাতিক ফুটবলে দুই শতাধিক ম্যাচ ও শতাধিক গোলের মাইলফলক পেরিয়েছেন তিনি।
আর্জেন্টিনার জার্সিতে মেসির সবচেয়ে গৌরবময় অধ্যায়ের মধ্যে রয়েছে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা জয় এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ ট্রফি হাতে তোলার সেই মুহূর্ত আর্জেন্টাইন সমর্থকদের কাছে হয়ে আছে ইতিহাসের অন্যতম স্মরণীয় দৃশ্য।
এখন প্রিয় শহর রোজারিওর মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগ সঙ্গে নিয়ে দেশের জার্সিতে আরেকটি ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে মেসি। মাঠে তার ‘শেষ নাচ’ দেখার অপেক্ষায় আর্জেন্টিনা তো বটেই, বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীও।










