মধ্যরাতে নিজে গাড়ি চালিয়ে রাজধানীর মিরপুর-১০ এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় হকারদের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) মধ্যরাতে মিরপুর-১০ এলাকায় গিয়ে হকার উচ্ছেদ-পরবর্তী পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, ডেঙ্গু পরিস্থিতি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং ড্রেন ব্যবস্থার সার্বিক অবস্থা পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক।
পরিদর্শনকালে হকার উচ্ছেদের পরও থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগগুলো বিচ্ছিন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদের পর মিরপুর-১০ এলাকায় পরিচালিত বৃক্ষরোপণ কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।
এ সময় বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, ড্রেন ব্যবস্থার সংস্কার, প্রয়োজনীয় স্থানে ডাস্টবিন স্থাপন এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে চলমান কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন প্রশাসক।
মিরপুর-১০ থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রোরেলের পিলার ও আশপাশের বিভিন্ন দেয়ালে থাকা অবৈধ পোস্টার ও লিফলেট অপসারণের পর সিটি করপোরেশনের উদ্যোগে গ্রাফিতি অঙ্কনের পরিকল্পনাও পর্যালোচনা করেন তিনি।
মিরপুর-১০ এলাকাকে পরিচ্ছন্ন, সুন্দর ও সুশৃঙ্খল নগর এলাকার হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ডিএনসিসি প্রশাসক।











