রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হেলিকপ্টারে করে তিনি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন। এটি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম নিজ জেলা সফর।
দুই দিনের সরকারি এই সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সেখানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংবর্ধনা শেষে তিনি নিজ বাসভবনে ফিরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। বিশ্ববিদ্যালয়টি ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে স্থাপনের প্রস্তাব রয়েছে।
এ ছাড়া সফরকালে রাষ্ট্রপতি তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বিভিন্ন স্থাপনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। কোথাও নির্মাণ করা হয়েছে তোরণ, কোথাও চলছে আলোকসজ্জা। একই সঙ্গে রাষ্ট্রপতির সফর ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
রাষ্ট্রপতির প্রথম নিজ জেলা সফরকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানসহ জেলার বিভিন্ন উন্নয়ন বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রত্যাশার কথাও জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply