রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুবকে মারধর এবং এর জেরে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
গঠিত তদন্ত কমিটিতে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এবং পাকশী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্টকে রাখা হয়েছে। কমিটিকে ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া সদস্যরা হলেন—আরিফ হোসেন, রোকন উদ্দিন, শফিকুল ইসলাম ও শাহাদত হোসেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে আরএনবির চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে ওই চার সদস্যকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, ট্রেনের টিটিই ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে রাবি শিক্ষার্থী আইয়ুবকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে রাবি শিক্ষার্থীরা রাজশাহী রেলওয়ে স্টেশন ঘেরাও করে বিক্ষোভ করেন।
বিক্ষোভের একপর্যায়ে স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের অবরোধের কারণে রাজশাহী থেকে ঢাকাগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনের নির্ধারিত যাত্রা বাতিল করে রেল কর্তৃপক্ষ।
তবে সোমবার সকাল থেকে পরিস্থিতি শান্ত হয়ে আসে। এরপর রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে বলে জানা গেছে।
এদিকে শিক্ষার্থীকে মারধর এবং পরবর্তী সময়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠনের ফলে পুরো ঘটনার কারণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং দায়িত্বে কোনো ধরনের অবহেলা ছিল কি না—এসব বিষয় তদন্তের আওতায় আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।












