ইউএনজিএর ৮১তম অধিবেশন শুরু, সভাপতির আসনে বাংলাদেশের খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এবারের অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় বিকেল ৩টায় অধিবেশনের উদ্বোধন করবেন তিনি।

প্রায় এক বছর মেয়াদি এই অধিবেশন চলবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’ বা ‘আস্থা পুনরুদ্ধার, পরিবর্তন ব্যবস্থাপনা এবং সবার জন্য কার্যকর জাতিসংঘ’।

এর আগে গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস. কাকোরিস পান ৯১ ভোট। মোট ১৯০টি ভোট পড়ে। এ পদটি জাতিসংঘের আঞ্চলিক ঘূর্ণনব্যবস্থার আওতায় এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত ছিল।

দায়িত্ব গ্রহণের আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে নিউইয়র্কে বৈঠক করেছেন ড. খলিলুর রহমান। বৈঠকে সাধারণ পরিষদের নতুন অধিবেশনে তাঁর দায়িত্ব গ্রহণ ও সংশ্লিষ্ট প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে, ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে আগামী ২২ সেপ্টেম্বর। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা বক্তব্য দেবেন। জাতিসংঘের সূচি অনুযায়ী সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ড. খলিলুর রহমানের সভাপতিত্বে এবারের অধিবেশনে বৈশ্বিক নানা সংকট, বহুপক্ষীয় সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন, শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের জন্য এই দায়িত্ব আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *