আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দেশের প্রতিটি এলাকায় বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল হওয়ায় স্থানীয় সরকার নির্বাচনে দলের একাধিক ব্যক্তি প্রার্থী হতে আগ্রহী। তবে দলীয়ভাবে সমন্বয়ের মাধ্যমে প্রতিটি নির্বাচনী এলাকায় একজন প্রার্থী চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, ‘গোটা বাংলাদেশে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে।’ দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী বাছাই করে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী।
রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের এমপি মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে রাজশাহীতে বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। র্যালিটি বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া মণি চত্বর, জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে।












