আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের প্রতি বর্তমান সরকার অবিচার করছে এবং কারাগারে ভালো খাবার দেওয়া হচ্ছে না—শেখ হাসিনার এমন অভিযোগকে মনগড়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম।
রোববার (৪ অক্টোবর) তানজানিয়ায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, আওয়ামী লীগের নেতাদের কারাগারে রাখা নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে কারাগারে থাকা সাবেক এমপিদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। বর্তমান সরকারের সময়ে তাদের ওপর কোনো নির্যাতন বা অবিচার করা হচ্ছে না বলেও দাবি করেন তিনি।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, গত ১৫ বছর শেখ হাসিনা ও তাঁর সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর যে অবিচার করেছে, তা জাতিসংঘসহ বিশ্ববাসীর জানা। এর তুলনায় বর্তমানে আওয়ামী লীগের সাবেক এমপিরা কারাগারে যথেষ্ট ভালো আছেন।
তানজানিয়ায় আইপিইউর দ্বিতীয় অধিবেশনে অংশ নিতে বাংলাদেশ থেকে ১২ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল যাচ্ছে বলেও জানান স্পিকার। সোমবার (৫ অক্টোবর) থেকে এ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।
শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাদের কারাগারে রাখা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তবে বাস্তবে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।












