দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে সরকারি হাসপাতালগুলোর সার্বিক মান উন্নত করে সেগুলোকে আন্তর্জাতিক পর্যায়ের উপযোগী করতে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজে পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) সচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বিশ্বের বিভিন্ন দেশের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি ও সরঞ্জাম দেশে আনার উদ্যোগ নিয়েছে। চীনসহ বিশ্বের উন্নত দেশগুলোর আধুনিক চিকিৎসাপদ্ধতি ও প্রযুক্তি দ্রুত বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় যুক্ত করতে আন্তর্জাতিক পর্যায়ে প্রয়োজনীয় যোগাযোগ ও কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোর চিকিৎসাসেবার মান আরও উন্নত করে আন্তর্জাতিক মানের উপযোগী করে তোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম যুক্ত করার মাধ্যমে দেশের মানুষকে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ আরও বিস্তৃত হবে।
সেমিনারে পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস নিয়ে আলোচনা করতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নারীদের হরমোন ও বিপাকজনিত এই জটিলতার বিস্তারের কারণে দেশে বন্ধ্যাত্বের প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। তবে বিশ্বের উন্নত দেশগুলোতে আধুনিক চিকিৎসাপ্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে পিসিওএসসহ বিভিন্ন প্রজননসংক্রান্ত জটিলতায় আক্রান্ত নারীদের স্বাভাবিক মাতৃত্বের পথ অনেকটাই সহজ হয়েছে।
সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থাপিত তথ্যে জানানো হয়, বাংলাদেশে বর্তমানে প্রতি ১০০ জন নারীর মধ্যে গড়ে ৮ থেকে ১০ জন পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত হচ্ছেন। পিসিওএস নারীদের হরমোনের স্বাভাবিক ভারসাম্য ও বিপাকীয় প্রক্রিয়ায় প্রভাব ফেলে। দীর্ঘমেয়াদে এর কারণে প্রজনন সক্ষমতা ব্যাহত হতে পারে এবং গর্ভধারণে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে।
বিশেষজ্ঞরা পিসিওএস সম্পর্কে নারীদের মধ্যে সচেতনতা বাড়ানো, সময়মতো রোগ শনাক্ত করা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আধুনিক চিকিৎসা প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে এ ধরনের জটিলতার চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তি দেশে আনার পাশাপাশি সরকারি হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসা সরঞ্জামের আধুনিকায়ন এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে সরকার কাজ করছে। এর মাধ্যমে দেশের সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।












