রাজধানীর দুই সিটি করপোরেশনে নিজেদের মেয়রপ্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার সকালে মগবাজারের মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে দলের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দলের প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মো. আবু সাদিককে (সাদিক কায়েম) পরিচয় করিয়ে দেওয়া হয়।
মোহাম্মদ সেলিম উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির। অন্যদিকে সাদিক কায়েম দলের তরুণ নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি)।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রার্থী সেলিম উদ্দিনের সাম্প্রতিক খাল পরিষ্কার ও আবর্জনা অপসারণ কার্যক্রমের প্রশংসা করেন জামায়াত আমির। একই সঙ্গে সাদিক কায়েমের বিষয়ে তিনি বলেন, সাদিক কায়েমকে দেশের মানুষ চিনে ফেলেছে। ডাকসুকে যেভাবে সাজানো হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকেও তিনি একইভাবে সাজাবেন বলে আশা প্রকাশ করেন।
এ সময় সরকারের জবাবদিহি নিশ্চিত করার কথাও বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকারকে ঘুমাতে দেওয়া হবে না। সরকারের কাজ ঘুমানো নয়; জনগণ শান্তিতে ঘুমাবে আর সরকার তাদের পাহারা দেবে।
এ ছাড়া হাম-শিশু মৃত্যু ও বিমানবন্দরের দুর্নীতির প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা জানান তিনি। একই সঙ্গে সরকারের সাত মাসের কর্মকাণ্ডের ব্যর্থতার দায় স্বীকার করার আহ্বান জানান জামায়াত আমির।
মিরপুরের ঐতিহাসিক মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনাও অনুষ্ঠানে তুলে ধরেন তিনি। তাঁর অভিযোগ, রাতের আঁধারে কেন্দ্রটি ভাঙচুরের পেছনে জনপ্রতিনিধিদের ভূমিকা ছিল।
ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে এক নারী সংসদ সদস্যকে দিয়ে পদত্যাগের নাটক করা হলেও তাঁকে দল থেকে বহিষ্কার বা গ্রেপ্তার করা হয়নি। তিনি জানান, রাড্ডা সেন্টারে জামায়াত অনুদান দিতে চাইলেও সরকারের টালবাহানার কারণে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।