তানভীর আহাম্মেদ, রিপোর্টার:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকের বিস্তার রোধ ও তরুণ প্রজন্মকে রক্ষায় এক বিশেষ আলোচনা সভা, মাদক নির্মূল কমিটি গঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন ফকির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম।
শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রেজওয়ানুল ইসলাম রিজু। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের সবাইকে রাজনৈতিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক কেবল একটি তরুণকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের এই ভয়াবহ বিস্তার রোধে আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো সবচেয়ে বেশি জরুরি।”
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যুবসমাজকে রক্ষায় পরিবার ও সমাজের সবাইকে একযোগে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে অর্জুনাহার এলাকায় একটি ‘মাদক নির্মূল কমিটি’ গঠন করা হয়। সবশেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।












