ডেঙ্গু নিয়ন্ত্রণে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে থাকায় তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

সরকারের ঘোষিত কর্মসূচিটি ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। ডেঙ্গুর প্রকোপ সাধারণত সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে বাড়ে এবং এ সময় এডিস মশার প্রজননও বৃদ্ধি পায়। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে এ বিশেষ অভিযান নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলা ও ৫০৩ উপজেলা থেকে সংশ্লিষ্টরা উদ্বোধনী আয়োজনে যুক্ত থাকবেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডেও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও মানুষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও আদালতের আশপাশে যাতে পানি জমে না থাকে, সেদিকে নিয়মিত নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সমন্বিতভাবে কাজ করবে।

জনস্বার্থে উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে সরাসরি সম্প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *