তানভীর আহাম্মেদ, রিপোর্টার: দিনাজপুরের বীরগঞ্জে পরম ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শাহাডুবি সার্বজনীন দুর্গাপূজার শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পূজামণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম মনজু।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক তুখোড় ছাত্র ও যুবনেতা এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রেজওয়ানুল ইসলাম রিজু।
অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ পূজা উদযাপন কমিটির সকল স্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম মনজু বলেন, “শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে যে আনন্দ, উৎসাহ ও উচ্ছ্বাস বিরাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। এই উৎসব আমাদের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক সুন্দর বার্তা বহন করে।”
মণ্ডপ এলাকা ঘুরে দেখা গেছে, দুর্গাপূজাকে কেন্দ্র করে পুরো বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শান্তি-শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য স্থানীয় প্রশাসন ও পূজা কমিটির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।












