সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওয়াসিকার মোল্লা (৪৫) নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযুক্ত ব্যক্তি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শাসন এলাকার মৃত আব্দুল হালিম মোল্লার ছেলে।
ভুক্তভোগীর কিশোরীর দাদি নাসিমা বেগম জানান, তার নাতিন ও ছেলেকে নিয়ে তাদের সংসার। পুত্রবধু তার ছেলেকে রেখে চলে যাওয়ার পর তাদের সংসারে বিপর্যয় নেমে আসে। তার ছেলেও সংসারে অমনোযোগী হয়ে পড়ে। তিনি মানুষের বাড়িতে কাজ করে এ সংসার চালান। অভিযুক্ত ওয়াসিকার মোল্লা দীর্ঘ ৬ বছর ধরে স্থানীয় মনসুর আলীর গরুর খামারে রাখালের কাজ করে। অভিযুক্ত ওয়াসিকার মোল্লা তার নাতিনকে বাজার থেকে আসা-যাওয়ার পথে খাবার ও নগদ টাকার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করে আসছিল। রোববার সকালে খামারে তার ঘরে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে। পরে কিশোরী বিষয়টি তার পরিবারকে জানায়। পরে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় স্থানীয়রা বিকেলে অভিযুক্তকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ওয়াসিকার মোল্লাকে গ্রেফতার করে নিয়ে আসে।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক এইচ এম মো. জসীমউদ্দিন বলেন,ঘটনাটি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।












