২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হত্যা ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১ নভেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বুধবার (৭ অক্টোবর) সকালে কারাগারে থাকা মামলার ১১ আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা জানান, মামলার গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র তারা এখনো হাতে পাননি। এসব নথি পর্যালোচনা ও মামলার প্রস্তুতির জন্য সময় চেয়ে আবেদন করেন তারা।
শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী জানান, আদালত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য ১ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন।
এর আগে গত ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নেন।
মামলার বিবরণ অনুযায়ী, শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে হত্যা, নির্যাতনসহ গুরুতর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী দীপু মনি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং লেখক-সাংবাদিক শাহরিয়ার কবিরসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।
প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত ৬১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় ৫৮ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
মামলার ৪১ আসামির মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে রয়েছেন। বাকি ৩০ জনের মধ্যে শেখ হাসিনাসহ অন্যরা পলাতক রয়েছেন। পলাতক আসামিদের পক্ষে আইনি লড়াই পরিচালনার জন্য ট্রাইব্যুনাল রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করেছেন।
আগামী ১ নভেম্বর অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হলে মামলাটির বিচারিক কার্যক্রম পরবর্তী ধাপে এগিয়ে যাবে।












