রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামে লুকিয়ে আনা হীরা, প্লাটিনাম ও স্বর্ণালংকার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। এ ঘটনায় মো. জনি রহমান নামে এক যাত্রীকে আটক করে পরে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকা কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন ওই যাত্রী। পরে তাঁর লাগেজ তল্লাশি করে এসব অলংকার ও মূল্যবান পাথর উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।
রোববার (১১ অক্টোবর) ঢাকা কাস্টম হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমসের প্রতিরোধ দল বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করে। ইমিগ্রেশন শেষে ব্যাগেজ ঘোষণা না দিয়ে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় ওই যাত্রীর ব্যাগ স্ক্যান করা হয়। স্ক্যানিংয়ে আচারের বয়ামের ভেতরে ধাতব বস্তুর অস্তিত্ব ধরা পড়ে। পরে ব্যাগেজ খুলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অলংকার ও মূল্যবান পাথর উদ্ধার করা হয়।
কাস্টমসের তথ্যমতে, উদ্ধার করা পণ্যের মোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম। এর মধ্যে রয়েছে হীরা বসানো ১৮ ক্যারেটের ৩৮৯টি সোনার আংটি, ৯৫০ মানের প্লাটিনামের ১৫১টি আংটি, সাদা সোনার তিনটি গয়না, রুপার দুটি আংটি, সোনার পাঁচটি লকেট, একটি চেইন ও ৪৭২টি নাকফুল।
এ ছাড়া ৪৫ ক্যারেট ওজনের বিভিন্ন আকারের হীরা, রুবি, পোখরাজসহ ৭২০টি মূল্যবান পাথর এবং গয়নার সত্যতা যাচাইয়ের ২৩টি প্রত্যয়ন কার্ড জব্দ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অলংকারের সঙ্গে থাকা প্রত্যয়নপত্রের তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা।
এ ঘটনায় ঢাকা কাস্টম হাউসের পক্ষ থেকে বিমানবন্দর থানায় ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।












