বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে একযোগে বদলি, সংযুক্তি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, নতুন দায়িত্ব ও বদলির সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক (পার্সোনেল) ওম্মে কুলছুম আদেশে স্বাক্ষর করেন।
বিমান সূত্রে জানা গেছে, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত থাকা বোসরা ইসলামকে পরিচালক প্রশাসন ও মানবসম্পদের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) ইকবাল আহমেদ আলীকে মহাব্যবস্থাপক (কার্গো) পদে বদলি করা হয়েছে। মহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) এ.এইচ.এম. শফিউল বারীকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে।
এ ছাড়া মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) পদে মূল দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) হিসেবে মূল দায়িত্ব এবং মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা মহিউদ্দিন আহমেদকে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে বদলি করা হয়েছে।
ক্যাপ্টেন বি-৭৮৭ হিসেবে কর্মরত এবং উপমহাব্যবস্থাপক (করপোরেট প্ল্যানিং) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করা শেখ আব্বাস হোসেনকে ক্যাপ্টেন বি-৭৮৭-এর মূল দায়িত্বের পাশাপাশি মহাব্যবস্থাপক (পরিকল্পনা) হিসেবে করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) হিসেবে মূল দায়িত্ব এবং মহাব্যবস্থাপক (প্রশাসন) হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা খন্দকার বাকী উদ্দিন আহমদকে মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
উপমহাব্যবস্থাপক (হিসাব) হিসেবে মূল দায়িত্ব এবং মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা এম. এম. আরিফুর রহমানকে উপমহাব্যবস্থাপক (করপোরেট প্ল্যানিং) পদে বদলি করা হয়েছে। পাশাপাশি তাকে করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
উপমহাব্যবস্থাপক, প্রশাসন (মানবসম্পদ) মো. ফজরুল আলমকে উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ) এবং উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, উপমহাব্যবস্থাপক (বিকেএফসিসি) এ জেড এম আরিফকে উপমহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) পদে বদলি করা হয়েছে।
আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন দায়িত্ব অনুযায়ী অবিলম্বে কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।












