জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বাংলাদেশে বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি)’-এর একটি সেশনে অংশ নিয়ে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
দীনেশ ত্রিবেদী বলেন, জুলাই-আগস্টের ওই সময়ের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি সম্পর্কে ভারত সরকার আগে থেকে অবহিত ছিল না। শেখ হাসিনা যখন ভারতে আশ্রয়ের জন্য যান, তখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। সে সময়ের কূটনৈতিক ও পরিস্থিতিগত বাস্তবতায় তার আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করার সুযোগ বা বিকল্প ভারতের হাতে ছিল না।
তবে বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে বিচারের মুখোমুখি করার জন্য শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের পক্ষ থেকে যে আইনি ও কূটনৈতিক অনুরোধ করা হয়েছে, সেটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
হাইকমিশনারের বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সময়কার পরিস্থিতি এবং বর্তমানে তাকে ফেরত পাঠানোর অনুরোধ—দুই বিষয়কে আলাদা প্রেক্ষাপটে বিবেচনা করছে ভারত।












