মক্কা চুক্তি, বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক খাতসহ বিভিন্ন বিষয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
রোববার (১১ অক্টোবর) সকালে তুরস্ক সফর ও সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শফিকুর রহমান বলেন, তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরা। সম্মেলনের পাশাপাশি তুরস্ক সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এসব আলোচনায় দেশের শিক্ষা, তৈরি পোশাক খাত এবং মক্কা চুক্তি নিয়ে কথা হয়েছে বলে জানান তিনি।
বিশ্বের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জামায়াতের আমির বলেন, বিশ্ব এখন নানা ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। কোনো ধরনের হামলাই বিশ্বের জন্য কল্যাণকর নয়। সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং বিশ্বে শান্তি ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এর আগে, গত ৭ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ অংশ নিতে তুরস্ক সফরে যান শফিকুর রহমান। সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সফর শেষে দেশে ফিরে শফিকুর রহমান তুরস্ক সরকারের সঙ্গে আলোচনার বিষয়গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তবে মক্কা চুক্তি নিয়ে আলোচনার বিস্তারিত বিষয়বস্তু বা এ বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে কি না, তা তাঁর বক্তব্যে স্পষ্ট করা হয়নি।












