দেশের প্রয়োজনে ছাত্ররা এগিয়ে আসবে, কিন্তু পড়াশোনা ছাড়বে না: মঈন খান

দেশের প্রয়োজনে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তবে দেশের জন্য কাজ করতে গিয়ে শিক্ষার্থীদের লেখাপড়া ও ক্লাসের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, দেশের বিপদের সময় ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ছাত্ররা তখনও দেশের জন্য ভূমিকা রেখেছে এবং অন্যায়, অত্যাচার, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশের জন্য কাজ করার দায়িত্ব ছাত্ররাই পালন করতে পারে। তবে সেই দায়িত্ব পালন করতে গিয়ে পড়াশোনা কিংবা ক্লাসের দায়িত্ব বাদ দেওয়া যাবে না। দেশের জন্য কাজের পাশাপাশি শিক্ষাজীবনও সমান গুরুত্ব দিয়ে চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, পড়াশোনা ছাড়া কোনো জাতি বিশ্বের বুকে গৌরব অর্জন করতে পারে না। তাই শিক্ষার্থীদের আবারও বই, পাঠাগার ও জ্ঞানচর্চার দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

বই ও পাঠাগারের গুরুত্ব তুলে ধরে মঈন খান বলেন, বইয়ের সঙ্গে পাঠাগারের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান প্রজন্ম মোবাইল ফোন, ই-বুক কিংবা প্রচলিত লাইব্রেরি—যে মাধ্যমেই পড়াশোনা করুক না কেন, পড়ার অভ্যাস ধরে রাখা প্রয়োজন।

নতুন প্রযুক্তি প্রসঙ্গে তিনি বলেন, মোবাইল ফোনের সবকিছুই খারাপ নয়। এর মাধ্যমে শিক্ষার্থী ও তরুণরা অনেক ইতিবাচক বিষয় জানতে ও শিখতে পারে। নতুন প্রজন্ম ও শিশুদের সঠিকভাবে পরিচালনা করা গেলে প্রযুক্তিকে ভয় পাওয়ার প্রয়োজন নেই।

তবে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে তরুণ সমাজকে সঠিক পথে পরিচালনার জন্য নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞান, শিক্ষা ও ইতিবাচক চিন্তার মাধ্যমে গড়ে তুলতে হবে।

আলোচনা সভায় জিয়া স্মৃতি পাঠাগারের সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়াও বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বই ও পাঠাগারকেন্দ্রিক এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *