মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির মধ্যে নিজের আগের পোস্ট মুছে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলাকালে ট্রাম্পের আয়োজিত সংবর্ধনা ও নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের অংশ নেওয়ার একটি ছবি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়।
এরপর ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে একটি পোস্ট দেন আসিফ মাহমুদ। সেখানে তিনি কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির একটি সম্পাদিত মিম শেয়ার করেন, যেখানে ট্রাম্পকে কার্ডবোর্ড কাটআউট হিসেবে দেখানো হয়েছিল। একই সঙ্গে ছবিটি আসল নাকি ভুয়া এবং ফ্যাক্টচেকারদের ভূমিকা কী—এমন প্রশ্ন তোলেন তিনি।
পরে ওই ছবির বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে জানানো হয়, কসোভোর প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের যে ছবিতে তাকে কার্ডবোর্ড কাটআউট হিসেবে দেখানো হয়েছিল, সেটি মূল ছবি নয়; বরং ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি মিম। মূল ছবিতে কসোভোর প্রধানমন্ত্রীর পাশে ট্রাম্প স্বশরীরে উপস্থিত ছিলেন।
এরপর নিজের আগের পোস্টটি মুছে দেন আসিফ মাহমুদ। পরে দেওয়া নতুন এক পোস্টে তিনি জানান, একই রকম পোজের কারণে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, সেটি পরিষ্কার করার জন্যই তিনি ছবিটির সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে চেয়েছিলেন।
আসিফ মাহমুদ লেখেন, ‘একই রকম পোজ নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, সেটার কারণে আমি নিশ্চিত হতে চেয়েছিলাম কোন ছবিটা আসল। এখন বিষয়টি পরিষ্কার হওয়ায়, আমি আমার আগের পোস্টটি মুছে দিয়েছি।’
এর আগে ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও প্রশ্ন দেখা দেয়। পরে ফ্যাক্টচেকের তথ্য সামনে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।












