তানভীর আহাম্মেদ, রিপোর্টার : সাংগঠনিক কার্যক্রম জোরদার ও সামাজিক উদ্যোগ বাস্তবায়নে, ১৪ অক্টোবর বুধবার দিনাজপুরের বীরগঞ্জে প্রেরণা সমাজ কল্যাণ সংস্থার টিম লিডারদের নিয়ে একটি কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রেরণা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ ওমর ফারুক। এ ছাড়া উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের টিম লিডার শাহরিয়ার হাসান সোহাগ, ভোগনগর ইউনিয়নের টিম লিডার রাকিব ইসলাম, সাতোর ইউনিয়নের টিম লিডার সাথী আক্তার, মোহনপুর ইউনিয়নের টিম লিডার তৈফিক আহম্মেদ এবং বীরগঞ্জ পৌরসভা টিমের লিডার মীর সাব্বির।
সভায় সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও সুসংহত করা, টিম লিডারদের দায়িত্ব যথাযথভাবে পালন, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি শিক্ষা, জনসচেতনতা, পরিবেশ সংরক্ষণ এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মতো উদ্যোগগুলো পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ ওমর ফারুক বলেন, একটি সামাজিক সংগঠনের কার্যক্রমকে টেকসই ও জনকল্যাণমুখী করতে হলে সুস্পষ্ট পরিকল্পনা, দায়িত্বশীল নেতৃত্ব, স্বচ্ছতা এবং সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। আমরা চাই, প্রেরণা সমাজ কল্যাণ সংস্থার প্রতিটি টিম লিডার নিজ নিজ এলাকায় মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে স্থানীয় চাহিদা চিহ্নিত করবেন এবং বাস্তবসম্মত উদ্যোগের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করবেন। আমাদের লক্ষ্য শুধু কার্যক্রম পরিচালনা করা নয়, বরং মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা জোরদার করা।
সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং পরিকল্পিতভাবে সামাজিক উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করেন।
প্রেরণা সমাজ কল্যাণ সংস্থা শিক্ষা, সচেতনতা, সেবা, পরিবেশ সংরক্ষণ ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।












