জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বুধবার এ প্রজ্ঞাপন জারি করে। নতুন ভাড়ার হার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বড় বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। একইভাবে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরের মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাভুক্ত ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।
দুই মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যাত্রীদের আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে বিআরটিএ অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে কোনো বাসের অভ্যন্তরীণ কাঠামো পুনর্বিন্যাস করা হলে ভাড়ার হার আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। তবে এ ক্ষেত্রে বিআরটিএ অথবা সংশ্লিষ্ট যাত্রী ও পণ্য পরিবহন কমিটির আনুষ্ঠানিক অনুমোদন নিতে হবে।
সরকারের নতুন নির্ধারিত ভাড়া কেবল ডিজেলচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গ্যাস বা সিএনজিচালিত যানবাহনের ক্ষেত্রে এই বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না।
এদিকে নতুন ভাড়ার তালিকা প্রতিটি বাস ও মিনিবাসের ভেতরে যাত্রীদের সহজে নজরে পড়ে এমন স্থানে ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে যাত্রীরা নির্ধারিত ভাড়া সম্পর্কে সরাসরি জানতে পারবেন।
এর আগে ২২ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছিলেন, জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়লেও সরকার বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরিবহন মালিকদের পক্ষ থেকে ২০ পয়সা বাড়ানোর দাবি থাকলেও বিভিন্ন বিষয় বিবেচনা করে সরকার ১৭ পয়সা নির্ধারণ করেছে বলে জানান তিনি। অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিলেন মন্ত্রী।
ফলে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাস ও মিনিবাসের ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।












