ভারতের রাজধানী নয়াদিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন (এনসিআর) এলাকায় অতিবৃষ্টি, তীব্র বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে দিল্লি এবং আশপাশের নয়ডা, গুরুগ্রাম ও গাজিয়াবাদে ভারী বৃষ্টি ও বজ্রঝড় শুরু হয়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সতর্কতার সময় ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত, প্রায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং তীব্র বজ্রপাত হতে পারে। এ কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যান চলাচলে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়।
সকালের অফিসযাত্রার সময় আকস্মিক ভারী বৃষ্টিতে দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে যায়। মধ্য দিল্লির করোলবাগের ঝান্ডেওয়ালান মন্দিরসংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয় এবং বিভিন্ন সড়কে তীব্র যানজটের আশঙ্কা তৈরি হয়।
আবহাওয়া পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সময় খোলা জায়গায় অবস্থান না করা এবং জলাবদ্ধ সড়কে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি।
তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকালের ভারী বৃষ্টি সাময়িক হতে পারে। পরবর্তী ছয় দিনে দিল্লিতে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা কম এবং আকাশ প্রধানত আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।












