অসুস্থ হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে যান রাষ্ট্রপতি। সেখানে তিনি মন্ত্রী টুকুর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপতি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকরা তাকে মন্ত্রী টুকুর বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে অবহিত করেন।
টুকুর ঘনিষ্ঠজনরা জানান, বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গত ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন ইকবাল হাসান মাহমুদ টুকু। এরপর ১৭ ফেব্রুয়ারি তিনি বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী হিসেবে শপথ নেন।








