রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর রমনা থানাধীন সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে ডিবির গুলশান বিভাগের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় নিউগিনি প্রপার্টিজের প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন। হত্যাচেষ্টা, অনধিকার প্রবেশ, মালামাল চুরি ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা ওই মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। গোলাম মহিউদ্দিন চৌধুরী এ মামলার চার নম্বর এজাহারভুক্ত আসামি।
মামলার এজাহার অনুযায়ী, গত শনিবার রাতে প্রায় ৫০ জনের একটি সশস্ত্র দল নিউগিনি প্রপার্টিজের প্রকল্প এলাকায় অনধিকার প্রবেশ করে। এ সময় তাদের হাতে রামদা, ছোরা ও লাঠিসোঁটা ছিল এবং তারা ফাঁকা গুলি ছোড়ে। হামলায় প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে হামলাকারীরা প্রকল্প এলাকায় থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। পুলিশ ও মামলার সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, স্টুডিও থেকে নগদ অর্থ, ল্যাপটপ, কম্পিউটার, মূল্যবান তার, ক্যামেরা ও পেশাদার মিডিয়া সরঞ্জামসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়। এ ছাড়া কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
নিউগিনি প্রপার্টিজ কর্তৃপক্ষের হিসাবে, হামলা ও ভাঙচুরের ঘটনায় তাদের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার অবকাঠামোগত ক্ষতি হয়েছে। একই ঘটনায় প্রায় ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলেও তারা দাবি করেছে।
এজাহারে আরও বলা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার্থে পুলিশ পাঁচ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় এরই মধ্যে আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সোমবার বিকেলে পশ্চিম মাটিকাটা এলাকা থেকে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুরের জামাতা এবং মামলার নয় নম্বর এজাহারভুক্ত আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি।
এর ধারাবাহিকতায় এবার মামলার চার নম্বর এজাহারভুক্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হলো। হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তাঁর ভূমিকা কী ছিল, তা তদন্তে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মামলাটির তদন্তের পাশাপাশি ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।










