জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার স্থানীয় সময় রাতে নিউইয়র্কের বিলাসবহুল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এই নৈশভোজের আয়োজন করা হয়। জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা এতে অংশ নেন।
এর আগে মঙ্গলবার সকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে আয়োজিত স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান অংশ নেন। নিউইয়র্কে প্রধানমন্ত্রীর প্রথম দিনের আনুষ্ঠানিক কর্মসূচির শুরু হয় এই প্রাতরাশের মধ্য দিয়ে।
পরে তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্ব ও উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নেন। অধিবেশনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি তিনি কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকেও অংশ নেন।
প্রথম দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসাইন মোহাম্মদ লতিফ এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিস-এমের সঙ্গে পৃথক বৈঠক করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও বৈঠকে বাংলাদেশ-তুরস্কের বাণিজ্য, বিনিয়োগ ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া প্রধানমন্ত্রী জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে বৈঠক করেন। এসব আলোচনায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে তাঁর প্রথম ভাষণ দেবেন। তাঁর বক্তব্যে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বৈশ্বিক শান্তি, জলবায়ু ন্যায়বিচার ও দেশের আর্থসামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরার কথা রয়েছে।












