আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাংয়ের তৎপরতা সমূলে উৎখাত করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক আন্দোলনের সমন্বয় প্রয়োজন।
শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
নূরুল ইসলাম মনি বলেন, কিশোরদের অপরাধের সঙ্গে জড়িয়ে না পড়ে শিক্ষার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। তারা স্কুলে যাবে, পড়াশোনা করবে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি শিখবে এবং দক্ষ জনশক্তিতে পরিণত হবে। অস্ত্র বা চাপাতি নিয়ে ঘোরাফেরা তাদের কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি।
চিফ হুইপ বলেন, আজকের কিশোর ও তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং অপরাধপ্রবণতা থেকে দূরে রাখার দায়িত্ব পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্র—সবার।
তিনি আরও বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ যথেষ্ট নয়; এর সঙ্গে সামাজিক সচেতনতা ও পারিবারিক নজরদারি জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রিত ব্যবহারের বিষয়েও বিশেষ পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
নূরুল ইসলাম মনি বলেন, কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের মদদ রয়েছে। তিনি বলেন, সরকার শক্তিশালী না হলে রাষ্ট্রব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। সরকার ব্যর্থ হলে সেই দায়ও সরকারেরই। তবে দায় চাপানোর রাজনীতি থেকে বেরিয়ে এসে সমস্যা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
চিফ হুইপ আরও বলেন, কিশোরদের নিয়ে কোনো ধরনের ‘হেলমেট বাহিনী’ বা ‘হাতুড়ি বাহিনী’ তৈরির ইচ্ছা বর্তমান সরকারের নেই। তাঁর বক্তব্য অনুযায়ী, কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে বিব্রত করার চেষ্টা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।












