ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ। বুধবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগের খবর প্রকাশ্যে আসে। জালিয়াতি ও আর্থিক অনিয়মের অভিযোগে ডব্লিউএইচও এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মধ্যে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সায়মা ওয়াজেদ ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুসের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তার বিরুদ্ধে চীন সফর-সংক্রান্ত আর্থিক অনিয়ম, শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ এবং বাংলাদেশে একটি জমি অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগ তদন্তের আওতায় রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সায়মা ওয়াজেদ।

পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ ডব্লিউএইচওর মহাপরিচালকের নেতৃত্বের প্রতি আস্থা হারানোর কথা জানিয়েছেন। একই সঙ্গে প্রায় এক বছর বেতন ছাড়া ছুটিতে থাকায় তার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছিল বলেও উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালনে তাকে বাধা দেওয়া হয়েছে।

সায়মা ওয়াজেদ ২০২৩ সালে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হন। ডব্লিউএইচওর নির্বাহী বোর্ড ২০২৪ সালের ২৩ জানুয়ারি তাকে আনুষ্ঠানিকভাবে পাঁচ বছরের জন্য নিয়োগ দেয় এবং তিনি ১ ফেব্রুয়ারি ২০২৪ দায়িত্ব গ্রহণ করেন।

দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেওয়ার পর তিনি ১১টি দেশের জনস্বাস্থ্য কার্যক্রমের সমন্বয় ও নেতৃত্ব দেওয়ার দায়িত্বে ছিলেন। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, এ অঞ্চলে বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ মানুষ বসবাস করে।

তবে ২০২৫ সালের জুলাই থেকে সায়মা ওয়াজেদ বেতনবিহীন ছুটিতে ছিলেন। ডব্লিউএইচওর বর্তমান ওয়েবসাইটেও তাকে আঞ্চলিক পরিচালক হিসেবে উল্লেখ করা হলেও বলা হয়েছে, তিনি ছুটিতে রয়েছেন। ১৭ আগস্ট ২০২৬ থেকে ড. নিলেশ বুদ্ধা ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সায়মা ওয়াজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ডব্লিউএইচও এখন পর্যন্ত বিস্তারিত কোনো মন্তব্য করেনি। সংস্থাটি এর আগে জানিয়েছিল, বিষয়টি গোপনীয়তার আওতাভুক্ত হওয়ায় এ বিষয়ে অতিরিক্ত তথ্য দেওয়া সম্ভব নয়। রয়টার্সও জানিয়েছে, পদত্যাগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ডব্লিউএইচওর কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে ডব্লিউএইচও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, নতুন প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া অক্টোবরের মধ্যে এবং নির্বাচন জানুয়ারিতে হওয়ার কথা রয়েছে।

সায়মা ওয়াজেদের পদত্যাগের মধ্য দিয়ে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের নেতৃত্বে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হলো। একই সঙ্গে তার বিরুদ্ধে চলমান অভিযোগ ও তদন্তের ফলাফল নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *