দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১৪৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ৭৪ জন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তিন বিভাগে নিশ্চিত আক্রান্ত বেশি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ঢাকায় ৬৩ জন, চট্টগ্রামে ৬৭ জন এবং খুলনায় ৯ জন রয়েছেন।
অন্যদিকে, সন্দেহজনক হামের রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকায় ও চট্টগ্রামে। বিভাগভিত্তিক হিসাবে ঢাকায় ২৯৫ জন, চট্টগ্রামে ২৪৬ জন, সিলেটে ১৪২ জন, বরিশালে ১৩২ জন, খুলনায় ১২৬ জন, ময়মনসিংহে ৭২ জন, রাজশাহীতে ৩৭ জন এবং রংপুরে ২৪ জন সন্দেহজনক রোগী পাওয়া গেছে।
হামে মৃত্যু ও আক্রান্তের হিসাব
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৬৬ জন।
এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে মোট ২২ হাজার ৭১২ জনের। আর হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ৭ হাজার ৩৭১ জনের মধ্যে।
এ ছাড়া হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।












